ধর্ম নিয়ে বিভেদ নয়, মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চা: তথ্যমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
২৫ জুলাই ২০২৬ ২:০৫ পিএম
ধর্ম নিয়ে বিভেদ নয়, মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চা: তথ্যমন্ত্রী

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ‘শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রকৃত ধর্মবিশ্বাসী কখনো অন্য ধর্মের প্রতি অসম্মান প্রদর্শন করেন না। শুক্রবার (২৪ জুলাই) তিনি বলেন, সব ধর্মের মানুষ নিজ নিজ পথে সর্বশক্তিমানের সান্নিধ্য খুঁজে পান এবং পারস্পরিক সম্মান ও সম্প্রীতিই হলো ধর্মের প্রকৃত শিক্ষা।

মন্ত্রী জানান, পৃথিবীর বিভিন্ন ধর্মের মহাপুরুষরা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে সৃষ্টিকর্তার আরাধনা করলেও মূল লক্ষ্য একই। নাম ভিন্ন হলেও ঈশ্বর এক, আর প্রকৃত ধর্মপ্রাণ ব্যক্তি অন্য ধর্মের মানুষের ঈশ্বরপ্রেমকেও সম্মান জানান। তিনি উল্টো রথযাত্রাকে মানুষ ও ঈশ্বরের মধ্যে অনন্য বন্ধনের প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, ইসলামের নামাজ, খ্রিস্টধর্মের প্রার্থনা বা বৌদ্ধধর্মের উপাসনা—সবই সর্বশক্তিমানের প্রতি ভক্তির বহিঃপ্রকাশ।

সমাজে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হন তথ্যমন্ত্রী। তিনি বলেন, কিছু স্বার্থান্বেষী মহল ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এরা মানবতার শত্রু। তিনি সবাইকে এমন অপপ্রচার ও চক্রান্ত সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, নিজের ধর্মে অটল থেকে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলেই কেবল অসাম্প্রদায়িক ও শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...