মেধাভিত্তিক অর্থনীতির স্বপ্ন: সেমিকন্ডাক্টরকে অগ্রাধিকার ঘোষণা
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ গড়তে সেমিকন্ডাক্টর শিল্পকে সরকার জাতীয় অগ্রাধিকার হিসেবে গণ্য করছে। তিনি বলেন, এটি কোনো একক মন্ত্রণালয়ের কাজ নয়, বরং সম্মিলিতভাবে এটিকে এগিয়ে নিতে হবে এবং এ লক্ষ্যে চলতি বাজেটে সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ের নভো থিয়েটরে ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই অ্যান্ড রোবোটিক্স সামিট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞদের এই সম্মেলনে অংশগ্রহণের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান এবং তাদের মেধাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, চতুর্থ ও পঞ্চম শিল্প বিপ্লবের যুগে সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ আধুনিক সভ্যতার মূল চালিকাশক্তি। মোবাইল, কম্পিউটার, কৃষি প্রযুক্তি, প্রতিরক্ষা এবং মহাকাশ গবেষণা—সর্বক্ষেত্রেই এর ব্যবহার অপরিহার্য হয়ে পড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্সের যুগে বিশ্বজুড়ে চিপের চাহিদা জ্যামিতিক হারে বাড়ছে, এই সুযোগে বাংলাদেশকেও নিজস্ব মেধা ও উদ্ভাবনী শক্তি দিয়ে এগিয়ে যেতে হবে।

