জুলাই শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার স্মরণে চট্টগ্রামে প্রার্থনা

প্রাইম বার্তা অনলাইন
২৪ জুলাই ২০২৬ ১:০৪ পিএম
জুলাই শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার স্মরণে চট্টগ্রামে প্রার্থনা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার স্মরণে চট্টগ্রামের আকবরশাহ এলায় এক আবেগঘন স্মরণসভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) শ্রী শ্রী সেবা খোলা ও বৈকুণ্ঠধাম মন্দির প্রাঙ্গণে সনাতনী সম্প্রদায়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শহীদের আত্মার মাঙ্গলিক শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

স্মরণসভার বক্তারা স্মরণ করেন, ২০২৪ সালের ১৮ জুলাই বহদ্দারহাট এলাকায় চলমান আন্দোলনে গুলিবিদ্ধ হন হৃদয় চন্দ্র তরুয়া। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জরুরি ওপেন হার্ট সার্জারির পরামর্শ দেন। কিন্তু অর্থের অভাবে সেই সময় অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। পরে ঢাকায় নেওয়া হলেও আন্দোলনে অংশ নেওয়ার কারণে বিভিন্ন হাসপাতালে ভর্তি নিয়ে জটিলতা দেখা দেয়। অবশেষে ২৪ জুলাই দীর্ঘ চিকিৎসার পর তিনি মৃত্যুবরণ করেন। বক্তারা তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের একজন সাহসী যোদ্ধা হিসেবে বর্ণনা করেন।

অনুষ্ঠানে পৌরোহিত্য করেন উত্তম চক্রবর্তী এবং প্রধান আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রতন তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন আশীষ দাশ, সলীল সেন, সাধন দত্ত, বিপুল পাল, কানু লাল ঘোষ, আশু দাশ, পংকজ দাশ, সাগর দাশ, ফাল্গুনী দাশ ও জয় দাশ। এছাড়া সেবা খোলা গীতা স্কুলের শিক্ষার্থীরা এই স্মরণসভায় অংশগ্রহণ করে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...