জনপ্রশাসনে বড় রদবদল: ভোক্তা অধিকারে নতুন ডিজি, দুদকে ফরহাদ
গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাগুলোতে দায়িত্ব পালনের জন্য নতুন করে কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ২৩ জুলাই জারি করা পৃথক প্রজ্ঞাপনে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এবং সরকারি যানবাহন অধিদপ্তরের প্রধান হিসেবে এসব নিয়োগ দেওয়া হয়। এই রদবদলের মাধ্যমে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন নেতৃত্ব আসলো।
এদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলামকে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. সাইফুল ইসলামকে বিটাকের মহাপরিচালক এবং স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদকে দুদকের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রাজা মো. আব্দুল হাইকে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট আদেশে বলা হয়েছে, দুদকের নতুন মহাপরিচালক খোন্দকার ফরহাদ আহমদকে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই দিন থেকেই তিনি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন। এই রদবদলের মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানগুলোতে নতুন উদ্যম ও গতিশীলতা আসার প্রত্যাশা করা হচ্ছে।

