জেমিসন হাসপাতাল ঘুরে দাঁড়াচ্ছে, অবহেলা মেনে নেবে না শামীম
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবের রহমান শামীম বলেছেন, নানা প্রতিকূলতা কাটিয়ে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল আবারও কার্যক্রমে গতি ফিরে পেয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর অবহেলার কারণে যেন কোনো রোগীর ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে হবে। রোগীদের প্রতি মানবিক ও আন্তরিক আচরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বুধবার (২২ জুলাই) বিকেলে হাসপাতালটি পরিদর্শন করেন তিনি। পরে হাসপাতাল অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান শামীম। তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর বর্তমান পরিচালনা কমিটির প্রচেষ্টায় দীর্ঘদিন বেদখলে থাকা প্রায় ১২০ কোটি টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে, যা প্রতিষ্ঠানটির আর্থিক ভিত্তি শক্তিশালী করেছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এটিকে দেশের একটি আদর্শ মডেল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
হাসপাতালের সেবার মান নিরবচ্ছিন্ন রাখতে নিয়মিত তদারকির ওপর গুরুত্ব দেন তিনি। শামীম ঘোষণা দিয়ে বলেন, সপ্তাহে অন্তত দুই দিন তিনি ব্যক্তিগতভাবে হাসপাতালে এসে চিকিৎসক, কর্মকর্তা ও পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সাম্প্রতিক বন্যায় যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের নিরলস কাজেরও প্রশংসা করেন তিনি।

