ঢাবি ক্যাম্পাসে বাজারের ব্যাগে মিলল নবজাতকের লাশ

প্রাইম বার্তা অনলাইন
২৩ জুলাই ২০২৬ ৪:২২ এএম
ঢাবি ক্যাম্পাসে বাজারের ব্যাগে মিলল নবজাতকের লাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক এলাকার একটি ফুটপাত থেকে একদিন বয়সী অজ্ঞাত কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে স্যার এ এফ রহমান হল এবং ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন আবাসিক হলের মধ্যবর্তী ফুটপাত থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তারক কুমার হালদার জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একটি সাদা রঙের বাজারের ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে উদ্ধার করে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, শিশুটিকে মৃত অবস্থায়ই কেউ ওই স্থানে ফেলে রেখে গেছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত শিশুটির বা তার পরিবারের কোনো পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...