সাত কোটি টাকা আত্মসাৎ: বেস্টওয়ে ল্যান্ড এমডিসহ ১৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিআইডির মামলা

প্রাইম বার্তা অনলাইন
২২ জুলাই ২০২৬ ৭:০৮ পিএম
সাত কোটি টাকা আত্মসাৎ: বেস্টওয়ে ল্যান্ড এমডিসহ ১৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিআইডির মামলা

রিয়েল এস্টেট কোম্পানি বেস্টওয়ে ল্যান্ড প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান, চেয়ারম্যান তানিয়া সুলতানা তানভী ও পরিচালক মো. মোমেনসহ ১৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্লট বরাদ্দের নামে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে প্রতিশ্রুত জমি বুঝিয়ে না দেওয়া এবং ওই অর্থ আত্মসাৎ করার অভিযোগ এনে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব জানান, ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের দীর্ঘদিনের অনুসন্ধানে ৩৭ জন গ্রাহকের প্রায় সাত কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার প্রমাণ পাওয়া গেছে। ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন এলাকায় প্লটের লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে এই অর্থ নেওয়া হলেও তাদের জমি বুঝিয়ে দেওয়া হয়নি এবং টাকাও ফেরত দেওয়া হয়নি। এ ঘটনায় ২১ জুলাই বনানী থানায় মামলাটি দায়ের করা হয়।

তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অর্থ স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগও প্রমাণিত হয়েছে। সংশ্লিষ্ট ১৭টি প্রতিষ্ঠানের ৮২টি ব্যাংক হিসাব পর্যালোচনায় দেখা গেছে, ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে প্রায় ৩৫৯ কোটি টাকা জমা এবং ৩৫৮ কোটি টাকার বেশি উত্তোলন করা হয়েছে। এছাড়াও ওই সময়ে গ্রাহকদের জিম্মা হিসেবে দেওয়া ২ হাজার ৭১৩টি সাব-কবলা রেজিস্ট্রি দলিলের হদিসও মিলেছে অনুসন্ধানে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...