খিলগাঁওয়ে ঢাকা ব্যাংকের নতুন বুথ, সেবার মান বাড়াতে মরিয়া সরকার

প্রাইম বার্তা অনলাইন
২২ জুলাই ২০২৬ ৬:৩৩ পিএম
খিলগাঁওয়ে ঢাকা ব্যাংকের নতুন বুথ, সেবার মান বাড়াতে মরিয়া সরকার

নাগরিকদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) খিলগাঁও অঞ্চলে নতুন কালেকশন বুথ চালু করেছে ঢাকা ব্যাংক। বুধবার (২২ জুলাই) অঞ্চল-২ এর কার্যালয়ে এই বুথের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম। এখন থেকে এলাকার বাসিন্দারা সিটি করপোরেশনের ফি এবং অন্যান্য সেবা খুব সহজেই এই বুথের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, সেবার মান বাড়াতে সরকার উন্মুক্ত প্রতিযোগিতার পথে বিশ্বাস করে। তিনি সাবেক সরকারের সমালোচনা করে বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দিতে আগে সংগ্রহ ব্যবস্থা একচ্ছত্র প্রতিষ্ঠানের হাতে ন্যস্ত ছিল। এখন আর সেই একছত্র আধিপত্য নেই; যারা দক্ষতা ও দ্রুততার সাথে মানুষের সেবা করবে, তারাই এগিয়ে যাবে। এই ভাবনা থেকেই ঢাকা ব্যাংককে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান।

সিটি করপোরেশনকে আরও গতিশীল ও জনবান্ধব করতে আঞ্চলিক কার্যালয়গুলোকে সমন্বয়কের ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি। জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, বর্জ্য ব্যবস্থাপনা এবং মশক নিয়ন্ত্রণের মতো জনগুরুত্বপূর্ণ কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করতে হবে। এছাড়াও তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজধানীর নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং নির্ধারিত সময়ে সেবা নিশ্চিত করতে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...