ডিএসসিসিতে নাগরিক সেবা সহজীকরণে ঢাকা ব্যাংকের বুথ উদ্বোধন
রাজস্ব আদায় ও নাগরিক সেবা আরও গতিশীল করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) খিলগাঁও অঞ্চলের কার্যালয়ে নতুন একটি কালেকশন বুথ চালু করা হয়েছে। বুধবার (২২ জুলাই) ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম এই ঢাকা ব্যাংকের বুথের উদ্বোধন করেন। এর ফলে এখন থেকে এ অঞ্চলের নাগরিকরা ট্রেড লাইসেন্স ফি ও অন্যান্য বিল জমা দিতে দ্রুত ব্যাংকিং সুবিধা পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম জানান, সেবার মান বাড়াতে বর্তমান সরকার উন্মুক্ত প্রতিযোগিতায় বিশ্বাস করে। তিনি কটাক্ষ করে বলেন, পূর্ববর্তী সরকার রাজস্ব সংগ্রহের একচ্ছত্র ক্ষমতা একটি সুবিধাবাদী মহলের হাতে তুলে দিয়েছিল। তবে এখন যারা উন্নত ও দ্রুত সেবা দেবে, তারাই এগিয়ে আসবে। ঢাকা ব্যাংককে এই সুযোগ দেওয়া হয়েছে যাতে তারা দক্ষতা প্রমাণ করে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পারে।
সিটি করপোরেশনকে আরও জবাবদিহিমূলক করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়ে প্রশাসক বলেন, নির্ধারিত সময়ে সেবা নিশ্চিত করতে হবে এবং এক্ষেত্রে কোনো গাফিলতি মেনে নেওয়া হবে না। আঞ্চলিক কার্যালয়গুলোকে জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় রাজধানীতে নাগরিক সুবিধা বৃদ্ধিতে সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন।

