বাবার অসুস্থতার গল্পে শিশু অপহরণ, মামাতো ভাইসহ গ্রেফতার ৩
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি স্কুল থেকে সাড়ে সাত বছরের শিশু ওয়াসিফা জান্নাত তাসকিনকে অপহরণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। বাবাকে হাসপাতালে ভর্তি হওয়ার গল্প শুনিয়ে তাকে প্রতারণার ফাঁদে ফেলে অপহরণ করে স্বজনরাই। তবে দ্রুত পুলিশি অভিযানে মুক্তিপণ আদায়ের আগেই শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২০ জুলাই দক্ষিণ রাঙ্গুনিয়ার পশ্চিম সরফভাটা এলাকার ইমাম আজম আবু হানিফা (র.) স্কুল থেকে শিশুটিকে ডেকে নেওয়া হয়। ওইদিন স্কুল ছুটির পর এক আত্মীয় নিজেকে সিএনজি চালক পরিচয় দিয়ে শিশুটিকে জানান, তার বাবা দেলোয়ার হোসেন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বাবার সাথে দেখা করানোর কথা বলে ওই ব্যক্তি তাকে সিএনজিতে তুলে নিয়ে যায়। পরে বিষয়টি নিয়ে সন্দেহ হলে শিশুটির বাবা থানায় মামলা করেন।
মামলার পর পুলিশ সুপার মাসুদ আলমের নির্দেশনায় তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালায় ডিবি ও থানা পুলিশ। এতে গ্রেফতার হন মো. রাকিব (২২), মো. ফয়সাল (৩২) ও মো. জাহাঙ্গীর আলম (৫৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ফয়সাল শিশুটির বাবার মামাতো ভাই। মুক্তিপণের লোভ দেখিয়ে তিনি দুই সিএনজি চালককে এ অপহরণে সহায়তা করতেন। অভিযানে অপহরণে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে।

