থার্ড টার্মিনালের সঙ্গে সংযুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে

প্রাইম বার্তা অনলাইন
২২ জুলাই ২০২৬ ৪:৪৪ পিএম
থার্ড টার্মিনালের সঙ্গে সংযুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে

দীর্ঘ ছয় মাস অনিশ্চয়তার পর অবশেষে আলোর মুখ দেখল ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই মেগা প্রকল্পের দ্বিতীয় সংশোধনী প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত এই সভায় দেশের উত্তরাঞ্চলের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ এই প্রকল্পের পথ সুগম করা হল।

নতুন সংশোধনীতে প্রকল্পটির সাথে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে বাইপাইল ইন্টারসেকশন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং নির্মাণাধীন পাতাল মেট্রোরেলের (এমআরটি লাইন-১) সরাসরি সংযোগ। এসব নতুন সংযোজনের কারণে প্রকল্পটির ব্যয় মূল বরাদ্দের চেয়ে প্রায় ৫৫ দশমিক ১৫ শতাংশ বেড়েছে। একনেক সূত্র জানায়, এবার মোট ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে যার মোট ব্যয় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এসময় সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।

প্রকল্প সূত্রে জানা গেছে, ২৪ কিলোমিটার দীর্ঘ এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বিমানবন্দর সংলগ্ন কাওলা থেকে শুরু হয়ে আব্দুল্লাহপুর, আশুলিয়া ও জিরাবো হয়ে সাভারের শ্রীপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে এটি যুক্ত হলে রাজধানীর যানজট এড়িয়ে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে দ্রুত যোগাযোগ করিডোর তৈরি হবে, যা অর্থনীতিতে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...