মাইলস্টোনে হতাহতদের পরিবারের প্রশ্ন: আমাদের জন্য রাষ্ট্র কী করলো?
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারগুলো এখনো পায়নি রাষ্ট্রের কোনো উল্লেখযোগ্য সহায়তা। ঘটনার এক বছর পার হলেও ক্ষতিপূরণ বা পুনর্বাসনের কোনো বাস্তব পদক্ষেপ না দেখে ক্ষোভ প্রকাশ করেছেন শোকাহত অভিভাবকরা। তারা মনে করছেন, আন্দোলন ছাড়া তাদের কথা কেউ শোনে না।
দুই সন্তান হারানো বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য আশরাফুল ইসলাম জানান, তৎকালীন সরকারের উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা ঘটনার পর আশ্বাস দিলেও তা এখনো বাস্তবে রূপ নেয়নি। তিনি বলেন, টাকা দিয়ে হারানো সন্তানদের ফিরিয়ে আনা সম্ভব নয়, তবে রাষ্ট্রের উচিত ছিল নিহতদের মর্যাদা দেওয়া এবং আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়া। তিনি এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করারও দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০২৫ সালের ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়িতে স্কুলটির একটি ভবনের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি ভেঙে পড়ে। এতে ২৮ শিক্ষার্থী, ৩ শিক্ষক, ৩ অভিভাবক, ১ আয়া এবং পাইলট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ ৩৬ জন নিহত হন। এই ঘটনায় আরও ৮০ জন আহত হয়েছিলেন, যাদের মধ্যে ৫৭ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। দুর্ঘটনার পরদিনই সুপ্রিম কোর্টের আইনজীবী আনিসুর রহমান রায়হান জনস্বার্থে রিট করেছিলেন।

