সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার, তীব্র সমালোচনা টিআইবির
ত্রয়োদশ জাতীয় সংসদে আইন প্রণয়ন ও স্থায়ী কমিটি গঠনের ক্ষেত্রে সরকারি দল কর্তৃক সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতার অপব্যবহার হচ্ছে বলে অভিযোগ তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, সংসদীয় বিধি ও প্রচলিত চর্চা উপেক্ষা করে একতরফাভাবে বিল পাস করা হচ্ছে। মঙ্গলবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই অভিযোগ করেন এবং সংসদীয় কমিটির ক্ষমতা বাড়াতে নতুন আইনের দাবি জানান।
‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ পাসের ক্ষেত্রে স্থায়ী কমিটিতে পাঠানো হয়নি এবং জনমত যাচাইয়ের সুযোগ দেওয়া হয়নি বলে তিনি উল্লেখ করেন। বিলটি উত্থাপনের তিন দিন আগে সংসদ সদস্যদের কাছে অনুলিপি দেওয়ার প্রথা থাকলেও তা মানা হয়নি। এছাড়া বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও পাবলিক পরীক্ষা সংশোধন বিল কোনো পূর্ব নোটিশ ছাড়াই সম্পূরক কার্যসূচিতে এনে পাস করানো হয়েছে। এমন প্রক্রিয়া সাংবিধানিক বিধির লঙ্ঘন এবং কর্তৃত্ববাদী আমলের সংসদের মতো বলে মন্তব্য করেন তিনি।
স্থায়ী কমিটি গঠনেও অনিয়ম দেখা গেছে। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সদস্য করা হয়েছে। ড. ইফতেখারুজ্জামান প্রশ্ন রেখেছেন, একজন মন্ত্রী অন্য মন্ত্রণালয়ের কাজের তদারকি কতটা নিরপেক্ষভাবে করতে পারবেন। এটি কার্যপ্রণালী বিধির ১৮৮ বিধির পরিপন্থী এবং গণতন্ত্রের জন্য হুমকি বলে তিনি মন্তব্য করেন।

