মেট্রোরেলের নিরাপত্তা ও স্টেশন এলাকা দখলমুক্ত রাখার নির্দেশ

প্রাইম বার্তা অনলাইন
২২ জুলাই ২০২৬ ১০:০৩ এএম
মেট্রোরেলের নিরাপত্তা ও স্টেশন এলাকা দখলমুক্ত রাখার নির্দেশ

যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর প্রধান কয়েকটি মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম। গত সোমবার (২০ জুলাই) মতিঝিল, বিজয় সরণি ও আগারগাঁও স্টেশনে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এ সময় তিনি স্টেশন এলাকা থেকে অবৈধ দখল উচ্ছেদ এবং যাত্রীদের সুষ্ঠু চলাচলের বিষয়ে দায়িত্বশীল কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

স্টেশনগুলোর পাশাপাশি জাতীয় সংসদ ভবন সংলগ্ন ৪২৩ নম্বর ও আগারগাঁও সংলগ্ন ৩৪১ নম্বর পিয়ারও পরিদর্শন করেন ডিএমটিসিএল এমডি। এসময় তিনি ম্যানলিফটের মাধ্যমে বিয়ারিং প্যাড এবং পিয়ার হেডের ক্র্যাকগুলো সরেজমিনে পরীক্ষা করেন। নিরাপত্তা অডিট কমিটির সুপারিশ ও হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এই পরিদর্শন অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। পরিদর্শনকালে এমআরটি লাইন-১ ও লাইন-৬ এর প্রকল্প পরিচালক, পরামর্শক এনকেডিএম অ্যাসোসিয়েশনের এক্টিং টিম লিডার তাকায়ুকি ফুজিতোমি এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক মান অনুযায়ী মেট্রোরেলের সকল স্থাপনা নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের আস্থা ধরে রাখতে এ ধরণের কঠোর মনিটরিং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...