স্বচ্ছ চট্টগ্রাম গড়তে ঘর থেকে পরিচ্ছন্নতা শুরুর আহ্বান মেয়রের
ডেঙ্গুমুক্ত, সবুজ এবং স্বাস্থ্যসম্মত চট্টগ্রাম গড়ে তুলতে পরিবর্তনের শুরুটা নিজেদের ঘর থেকেই করতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধুমাত্র সরকারি উদ্যোগে পরিচ্ছন্নতা নিশ্চিত করা সম্ভব নয়, এর জন্য প্রতিটি নাগরিকের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। মঙ্গলবার (২১ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ প্রতিপাদ্যে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, চট্টগ্রাম নগরীতে প্রতিদিন প্রায় ৩ হাজার ২০০ মেট্রিক টন বর্জ্য তৈরি হলেও তার মধ্যে মাত্র ২ হাজার ২০০ মেট্রিক টন সংগ্রহ করা সম্ভব হচ্ছে। বাকি থাকা প্রায় এক হাজার মেট্রিক টন বর্জ্য খাল, নালা ও উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে, যা কর্ণফুলী ও হালদা নদীর পরিবেশের জন্য হুমকি সৃষ্টি করছে। তিনি সবাইকে সপ্তাহে অন্তত একদিন এক ঘণ্টা সময় বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার করার অনুরোধ জানান। এছাড়া শিশুদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে সিটি করপোরেশনের স্কুলগুলোতে ‘স্কুল হেলথ স্কিম’ চালু করা হয়েছে বলেও জানান তিনি।
এসময় তিনি আরও বলেন, বাসাবাড়ি থেকে শুরু করে গণপরিবহনে যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা বন্ধ করতে না পারলে নাগরিক দায়িত্ববোধ বা ‘সিভিক সেন্স’ তৈরি করা সম্ভব হবে না। জেলা প্রশাসনের আয়োজনে এই সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিএমপি’র অতিরিক্ত কমিশনার এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

