দাবির সমাধানে আল্টিমেটাম দিয়ে শেকৃবি ভেটেরিনারি শিক্ষার্থীদের ক্লাসে ফেরা
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের আন্দোলনরত শিক্ষার্থীরা দাবির সমাধানের আশ্বাস পেয়ে শ্রেণি কার্যক্রমে ফেরার ঘোষণা দিয়েছেন। তবে দাবিগুলো আদায়ে প্রশাসনের প্রতি ১৪ কার্যদিবসের আল্টিমেটাম দিয়েছেন তারা। মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান আন্দোলনকারীরা।
শিক্ষার্থীরা জানান, ৪৭তম বিসিএস ফলাফলের জটিলতা দূরীকরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতার জন্য তারা কৃতজ্ঞ। এর পরিপ্রেক্ষিতে একটি দাবিতে অগ্রগতি হওয়ায় এবং বাকি দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস পাওয়ায় তারা সাময়িকভাবে আন্দোলন স্থগিত রেখে ক্লাসে ফিরছেন। এর আগে তারা বিশ্ববিদ্যালয়ের এম. মহবুবউজ্জামান ভবনের নিচে বিক্ষোভ সমাবেশ করেন এবং উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বরাবর স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে: ইন্টার্ন শিক্ষার্থীদের টিএ (TA) সংক্রান্ত লিখিত অনুমোদন ও ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধির প্রস্তাব ইউজিসিতে পাঠানো। এছাড়া ৫১তম বিসিএস থেকে ভেটেরিনারি শিক্ষার্থীদের জন্য পৃথক কোড ও সিলেবাস প্রণয়ন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে কম্বাইন্ড ডিগ্রির স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
শিক্ষার্থীরা স্পষ্ট করে জানিয়েছেন, আগামী ১৪ কার্যদিবসের মধ্যে এসব দাবি বাস্তবায়নের লিখিত ও দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না হলে আবারও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

