এক হাজার ১৫৫ কোটি টাকায় নতুন রূপে সাজবে ঢাকা মেডিকেল
দেশের স্বাস্থ্যখাতের অন্যতম প্রধান প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) এখন জীর্ণশীর্ণ ভবন ও অবকাঠামোগত সংকটে জর্জরিত। এই সংকট উত্তরণে এবং চিকিৎসা শিক্ষার পরিবেশ আধুনিকায়নে প্রতিষ্ঠানটির ব্যবহার অনুপযোগী ভবনগুলো প্রতিস্থাপন ও পুনর্নির্মাণের বড় পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
‘ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনাসমূহ প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ’ শীর্ষক প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে এক হাজার ১৫৪ কোটি ৮৩ লাখ টাকা। আগামী ২০২৬ সালের মার্চ থেকে ২০৩০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়ন করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী বুধবার (২২ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপন করা হবে।
প্রকল্পের মূল লক্ষ্য হলো একটি টেকসই ও পরিবেশবান্ধব ক্যাম্পাস তৈরি করা। এর অধীনে সোলার এনার্জি ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবহার, সবুজায়ন এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মেরামত অযোগ্য ও ঝুঁকিপূর্ণ বর্তমান ভবনগুলোর পরিবর্তে নতুন একাডেমিক ভবন, আবাসিক হোস্টেল ও গবেষণাগার স্থাপনের মাধ্যমে দক্ষ চিকিৎসক তৈরির পথ সুগম হবে। এতে লেকচার থিয়েটার, পরীক্ষার হল, অডিটোরিয়াম এবং প্রার্থনা কক্ষসহ আধুনিক সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।

