নান্দনিক চট্টগ্রামের স্বপ্ন ঘর থেকে শুরু করার আহ্বান মেয়র শাহাদাতের
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, একটি সুন্দর ও স্বাস্থ্যকর নগর গড়ার জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা জরুরি। তিনি বলেন, পরিবর্তনের শুরুটা হতে হবে নিজের ঘর থেকেই। কেবল সিটি করপোরেশনের পক্ষে একা এই দায়িত্ব সম্পন্ন করা সম্ভব নয়, এর জন্য প্রতিটি পরিবারকে সম্পৃক্ত হতে হবে।
মঙ্গলবার (২১ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউজে জেলার সরকারি দপ্তরগুলোর পরিচ্ছন্নতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন তিনি। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
মেয়র জানান, নগরীতে প্রতিদিন প্রায় তিন হাজার ২০০ মেট্রিক টন বর্জ্য তৈরি হলেও তার মাত্র দুই হাজার ২০০ টন সংগ্রহ করা সম্ভব হচ্ছে। বাকি এক হাজার টন ময়লা বিভিন্ন খাল-নালায় ফেলা হচ্ছে, যা কর্ণফুলী ও হালদা নদীর পরিবেশের জন্য বড় হুমকি। তিনি প্রতি শনিবার ঘরের আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার জন্য সবাইকে এক ঘণ্টা সময় বরাদ্দ দেওয়ার আহ্বান জানান।
শিশুদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে সিটি করপোরেশনের স্কুলগুলোতে স্কুল হেলথ স্কিম চালু করা হয়েছে বলে জানান মেয়র। তিনি আরও বলেন, বর্জ্য ফেলার ক্ষেত্রে নাগরিক দায়িত্ববোধ বা সিভিক সেন্স জাগ্রত না করলে পরিচ্ছন্ন নগর প্রতিষ্ঠা অসম্ভব।

