সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার: টিআইবির অভিযোগ
ত্রয়োদশ জাতীয় সংসদে আইন প্রণয়ন ও স্থায়ী কমিটি গঠনের প্রক্রিয়ায় সরকারি দল সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানায়, সংসদীয় বিধি ও প্রচলিত রীতি উপেক্ষা করে একতরফাভাবে বিল পাস করা হচ্ছে। একইসাথে সংসদীয় কমিটিগুলোর কার্যকারিতা বাড়াতে সংশ্লিষ্টদের নিয়ে নতুন আইন তৈরির দাবি জানিয়েছে সংস্থাটি।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিল স্থায়ী কমিটিতে পাঠানোর কথা থাকলেও ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর ক্ষেত্রে তা করা হয়নি। বিরোধী দলের সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয়নি এবং বিল উত্থাপনের ঠিক আগমুহূর্তে তার কপি সংসদ সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এমনকি বিনা নোটিশে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল ও পাবলিক পরীক্ষা (অপরাধ) (সংশোধন) বিল সম্পূরক কার্যসূচিতে উত্থাপন করা হয়েছে। তিনি একে সাংবিধানিক বিধি লঙ্ঘন বলে অভিহিত করেন।
স্থায়ী কমিটি গঠনেও অনিয়ম দেখা গেছে বলে জানান ইফতেখারুজ্জামান। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য করায় কমিটির তদারকি ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এটি বিগত ত্রিশ বছরে দেখা যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

