শেকৃবি ভেটেরিনারি শিক্ষার্থীদের ক্লাসে ফেরা, ১৪ দিনের আল্টিমেটাম
দাবি আদায়ে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এম মহবুবউজ্জামান ভবনের সামনে থেকে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। এর আগে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফের কাছে একটি স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ৪৭তম বিসিএসের ফলাফল জটিলতা নিরসনে প্রশাসনের ভূমিকার জন্য তারা কৃতজ্ঞ। তবে বাকি দাবিগুলোর বাস্তবায়নে তারা প্রশাসনের কাছে চার দফা দাবি উত্থাপন করেছেন। এর মধ্যে রয়েছে ইন্টার্ন শিক্ষার্থীদের টিএ (TA)-এর আনুষ্ঠানিক লিখিত অনুমোদন ও ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধির জন্য ইউজিসিতে প্রস্তাব পাঠানো।
এছাড়া ৫১তম বিসিএস থেকে ভেটেরিনারি অনুষদের জন্য পৃথক লিখিত কোড ও সিলেবাস প্রণয়ন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর নিয়োগবিধিতে কম্বাইন্ড ডিগ্রি অন্তর্ভুক্তির দাবি জানানো হয়েছে। মন্ত্রণালয় ও পিএসসি সংশ্লিষ্ট দাবিগুলোর লিখিত অগ্রগতির জন্য প্রশাসনকে ১৪ কার্যদিবসের সময় বেঁধে দিয়েছেন তারা।
আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, ১৪ কার্যদিবসের মধ্যে দাবিগুলোর সুরাহা না হলে তারা পুনরায় কঠোর আন্দোলনের ডাক দেবেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি হলে আন্দোলন স্থগিত থাকবে বলেও জানান তারা।

