সংসদীয় বিধি লঙ্ঘন করে বিল পাস, তীব্র সমালোচনা টিআইবির

প্রাইম বার্তা অনলাইন
২২ জুলাই ২০২৬ ৭:০৯ এএম
সংসদীয় বিধি লঙ্ঘন করে বিল পাস, তীব্র সমালোচনা টিআইবির

ত্রয়োদশ জাতীয় সংসদে আইন প্রণয়ন এবং স্থায়ী কমিটি গঠনের ক্ষেত্রে সরকারি দল সংখ্যাগরিষ্টতার অপব্যবহার করছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গত মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান, কার্যপ্রণালী বিধি ও প্রচলিত সংসদীয় চর্চা উপেক্ষা করে একতরফাভাবে বিল পাস করা হচ্ছে।

টিআইবির অভিযোগ, ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ পাসের ক্ষেত্রে কার্যপ্রণালী বিধির ৭৭ বিধি লঙ্ঘন করা হয়েছে। বিধি অনুযায়ী বিলটি স্থায়ী কমিটিতে পাঠানো বা জনমত যাচাইয়ের সুযোগ থাকলেও তা করা হয়নি এবং বিরোধী দলের সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয়নি। এমনকি বিল উত্থাপনের তিন দিন আগে সদস্যদের কাছে কপি দেওয়ার প্রথা সত্ত্বেও ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’-এর কপি উত্থাপনের ঠিক আগ মুহূর্তে বিতরণ করা হয়।

এছাড়া, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল এবং পাবলিক পরীক্ষা (অপরাধ) (সংশোধন) বিল কোনো পূর্ব নোটিশ ছাড়াই সম্পূরক কার্যসূচির মাধ্যমে পাস করা হয়েছে। স্থায়ী কমিটি গঠনেও অনিয়ম দেখা গেছে। কার্যপ্রণালী বিধির ১৮৮ বিধি উপেক্ষা করে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে অর্থ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে, যা নব্বইয়ের পর থেকে এ ধরনের চর্চা দেখা যায়নি।

ড. ইফতেখারুজ্জামান বলেন, একতরফাভাবে বিল পাস এবং কমিটি গঠন সাংবিধানিক ও সংসদীয় বিধি লঙ্ঘনের শামিল, যার ফলে কর্তৃত্ববাদী আমলের সংসদের সঙ্গে বর্তমান সংসদের পার্থক্য নিয়ে প্রশ্ন উঠেছে। সংসদীয় কমিটিগুলোর ক্ষমতা ও কার্যকারিতা বাড়াতে অংশীজনদের সম্পৃক্ত করে নতুন আইন প্রণয়নের দাবি জানায় তারা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...