সীতাকুণ্ডের দুর্গম এলাকায় সড়ক নির্মাণে সেনাবাহিনীকে আনছে সরকার

প্রাইম বার্তা অনলাইন
২২ জুলাই ২০২৬ ৬:৪৬ এএম
সীতাকুণ্ডের দুর্গম এলাকায় সড়ক নির্মাণে সেনাবাহিনীকে আনছে সরকার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের ছয়টি সংযোগ সড়ক পাকাকরণ প্রকল্পে বাংলাদেশ সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে সরকার। এলাকাটি দুর্গম ও ঝুঁকিপূর্ণ হওয়ায় কাজটি দ্রুত এবং দক্ষতার সাথে শেষ করতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ২২ জুলাই অনুষ্ঠেয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের নীতিগত অনুমোদন চাওয়া হবে।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ প্রকল্পের মূল বাস্তবায়নকারী সংস্থা হলেও সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের মাধ্যমে কাজটি সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। ২০২৩ সালের ২০ জুন একনেক সভায় তিন হাজার ১১০ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি অনুমোদন লাভ করে। চলতি বছরের জুলাই থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ বর্ধিত করা হয়েছে।

এছাড়া আসন্ন বৈঠকে সার উৎপাদনের কাঁচামাল সংগ্রহে আন্তর্জাতিক দরপত্রের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ২১ দিন করার প্রস্তাব উঠবে। ইউরিয়া, ডিএপি ও টিএসপি সারের জরুরি মালামাল আমদানিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ১৫টি দেশ থেকে প্রায় ১৬ লাখ মেট্রিক টন পরিশোধিত ডিজেল আমদানির অনুমোদনের বিষয়টিও বৈঠকের আলোচনায় থাকবে। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...