ঘরে বসেই মিলবে জেলা প্রশাসনের সেবা, চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ
ঢাকা জেলা প্রশাসনের নাগরিক সেবা এখন হাতের মুঠোয়। মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসক ফরিদা খানমের উদ্যোগে ‘হ্যালো ডিসি’ নামে একটি মোবাইল অ্যাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এর মাধ্যমে ভূমি, লাইসেন্স বা এনজিও সংক্রান্ত যেকোনো সেবা এবং জেলা প্রশাসকের সাক্ষাতের অ্যাপয়েন্টমেন্ট ঘরে বসেই নেওয়া সম্ভব হবে।
প্রযুক্তিনির্ভর এই সেবাটি প্রাথমিকভাবে hellodc.bd ওয়েবসাইট এবং ঢাকা জেলা প্রশাসনের ফেসবুক পেজ থেকে ডাউনলোড করা যাবে। শিগগিরই গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোরে অ্যাপটি পাওয়া যাবে। এছাড়া সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ০১৯৬১৬০৬০৬০ নম্বরে কল করেও সেবা নেওয়া যাবে। এই প্ল্যাটফর্মে ভূমি সেবা, আইনশৃঙ্খলা, ত্রাণ, লাইসেন্স, মিউটেশন, অর্পিত সম্পত্তি এবং জনঅভিযোগের আবেদন জমা দেওয়া যাবে। আবেদনের অগ্রগতি বা বর্তমান অবস্থাও রিয়েল-টাইম ট্র্যাক করা যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম জানান, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই উদ্যোগ। এতে নাগরিকদের সময় ও অর্থের সাশ্রয় হবে এবং হয়রানি কমবে। প্রধান অতিথি ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া বলেন, ডিজিটাল প্রযুক্তির এই ব্যবহার সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। এটি নাগরিক সেবাকে আরও আধুনিক ও গতিশীল করবে।

