ডেঙ্গু ও দূষণ রোধে ঘর থেকেই পরিচ্ছন্নতা শুরুর আহ্বান মেয়রের
চট্টগ্রাম নগরীকে ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য করে গড়ে তুলতে নাগরিকদের নিজ ঘর থেকেই পরিবর্তনের সূচনা করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধুমাত্র সরকারি উদ্যোগে পরিচ্ছন্নতা আনা সম্ভব নয়, এর জন্য প্রতিটি ব্যক্তির সচেতন অংশগ্রহণ অপরিহার্য। মঙ্গলবার (২১ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, একটি সমাজ বা রাষ্ট্রকে পরিবর্তন করতে হলে সেই পরিবর্তন আগে নিজের ভেতর থেকেই শুরু করতে হবে। তিনি প্রতিটি পরিবারকে প্রতি শনিবার অন্তত এক ঘণ্টা সময় বের করে নিজেদের বাসা, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। এ ছাড়া শিশুদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস তৈরি করতে সিটি করপোরেশনের স্কুলগুলোতে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক ‘স্কুল হেলথ স্কিম’ চালুর কথাও তুলে ধরেন তিনি।
বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মেয়র জানান, চট্টগ্রামে প্রতিদিন প্রায় ৩ হাজার ২০০ মেট্রিক টন বর্জ্য তৈরি হলেও সংগ্রহ করা সম্ভব হচ্ছে মাত্র ২ হাজার ২০০ মেট্রিক টন। অবশিষ্ট প্রায় এক হাজার মেট্রিক টন বর্জ্য খাল, নালা ও উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে, যা জলাবদ্ধতা ও দূষণের পাশাপাশি কর্ণফুলী ও হালদা নদীর জন্যও হুমকি সৃষ্টি করছে। তিনি বলেন, নাগরিকদের মধ্যে সিভিক সেন্স বা দায়িত্ববোধ তৈরি করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ সময় সভায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ কমিশনার এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

