মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: রাষ্ট্রের উদাসীনতায় ক্ষোভে শোকস্বজনরা

প্রাইম বার্তা অনলাইন
২২ জুলাই ২০২৬ ৪:৫০ এএম
মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: রাষ্ট্রের উদাসীনতায় ক্ষোভে শোকস্বজনরা

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দুই সন্তান হারানো বাবা অবসরপ্রাপ্ত সেনাসদস্য আশরাফুল ইসলাম গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, দুর্ঘটনার এক বছর পার হলেও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আসলে কী করেছে? সরকারের তৎকালীন উপদেষ্টা ও রাজনৈতিক নেতাদের আশ্বাস অনেক আগেই ফুরিয়েছে বলে জানান তিনি। আশরাফুল ইসলাম বলেন, আমরা আন্দোলন করতে চাই না, কিন্তু বারবার মনে হচ্ছে আন্দোলন না করলে যেন কেউ আমাদের কথা শুনতেই চায় না।

গত ২০২৫ সালের ২১ জুলাই সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রশিক্ষণ মহড়ার সময় বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি যুদ্ধবিমান স্কুল ভবনের ওপর আছড়ে পড়লে মুহূর্তেই দাউদাউ আগুন ধরে যায়। এতে শিক্ষাপ্রতিষ্ঠানটির ২৮ শিক্ষার্থী, ৩ শিক্ষক, ৩ অভিভাবক ও ১ আয়াসহ মোট ৩৫ জন এবং বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম নিহত হন। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছিলেন আরও ৮০ জন, যাদের মধ্যে ৫৭ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করতে হয়েছিল।

শোকাহত বাবা আশরাফুল ইসলাম জানান, টাকা দিয়ে হারানো সন্তানদের ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে রাষ্ট্রের দায়িত্ব ছিল নিহতদের মর্যাদা দেওয়া এবং আহতদের পুনর্বাসন করা। তিনি এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে স্মরণীয় দিবস হিসেবে পালনের দাবি জানিয়েছেন। এর আগে ঘটনার পরদিনই সুপ্রিম কোর্টের আইনজীবী আনিসুর রহমান রায়হান জনস্বার্থে একটি রিট আবেদন করেছিলেন, যেখানে ক্ষতিপূরণ ও বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছিল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...