শব্দদূষণ রোধে রাজধানীতে অবৈধ হর্নের বিরুদ্ধে ডিএমপির অভিযান

প্রাইম বার্তা অনলাইন
২১ জুলাই ২০২৬ ৪:৩০ পিএম
শব্দদূষণ রোধে রাজধানীতে অবৈধ হর্নের বিরুদ্ধে ডিএমপির অভিযান

রাজধানীজুড়ে বাড়ছে শব্দ দূষণ, যা জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। এর প্রতিকারে এবার অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটারের ব্যবহার বন্ধে মাঠে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বিশেষ এই অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।

অভিযানকালে নগর পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান। এসময় অনুমোদনহীন হুটার ও অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী সরঞ্জাম ব্যবহারের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। সেই সাথে গাড়ির চালক ও মালিকদের প্রয়োজনের অতিরিক্ত হর্ন ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়।

মো. আনিছুর রহমান বলেন, শব্দ দূষণ পরিবেশ ও নগরজীবনের জন্য একটি বড় সমস্যা। জনস্বাস্থ্য রক্ষায় এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে ডিএমপির সপ্তাহব্যাপী এই উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার এবং শব্দদূষণ রোধে সহযোগিতা করার আহ্বান জানান। নিরাপদ ও জনবান্ধব ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে এ ধরণের অভিযান ভবিষ্যতেও চালানো হবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...