জনগণের আকাঙ্ক্ষায় ইশতেহার মেনে প্রকল্প পরিমার্জনের নির্দেশ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন, চলমান সব প্রকল্প সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিমার্জন করা হবে। সোমবার (২০ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্পগুলো পর্যালোচনা সভায় তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, নতুন প্রকল্প দ্রুত গ্রহণ করা হবে যাতে এই সরকারের মেয়াদেই তার ফলাফল দৃশ্যমান হয়। তিনি জোর দেন যে, জনগণের আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলেই কেবল প্রকল্প বাস্তবায়িত হবে এবং সরকার তার প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী সব বিষয় নিয়মিত মনিটরিং করছেন। তাই জনগণ সর্বোচ্চ সুফল পায়, সেদিক লক্ষ্য রেখেই নতুন প্রকল্প হাতে নিতে হবে। এছাড়া পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে প্রতিটি মন্ত্রণালয়ের প্রকল্প পর্যালোচনা করা হচ্ছে। এই বছর সর্বোচ্চ সংখ্যক প্রকল্প অনুমোদনের পরামর্শ দেন তিনি।
সভায় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, সচিব মো. মাহমুদুল হোসাইন খান, ড. মনজুর হোসেন এবং সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

