গুলশানে গুলির ঘটনায় বান্দরবানের রিসোর্ট থেকে গ্রেফতার ৩

প্রাইম বার্তা অনলাইন
২১ জুলাই ২০২৬ ১১:০৫ এএম
গুলশানে গুলির ঘটনায় বান্দরবানের রিসোর্ট থেকে গ্রেফতার ৩

রাজধানীর গুলশানে মাটির ডিপো ব্যবসা নিয়ে বিরোধের জেরে গুলি ছোড়ার ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২০ জুলাই) বান্দরবান সদর উপজেলার আর্মিপাড়া এলাকার একটি রিসোর্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. হেলাল মিয়া (৪০), সৈয়দ এনামুল হক লাবু (৪৬) ও মোশারফ হোসেন (৩৩)।

র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম জানান, রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গুলশানের বারিধারা ‘কে’ ব্লকের একটি ডিপোতে এই হামলা হয়। কালাচাঁদপুর থেকে পিকআপ ভ্যানে করে মাটি আনছিলেন শ্রমিক তৌহিদ। এসময় চারটি মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তাদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। গাড়ির নিচে আশ্রয় নিতে গেলে তৌহিদের পায়ে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় তৌহিদের ভাই শহীদ মিয়া বাদী হয়ে গুলশান থানায় বরকতুল্লাহ শুভসহ ৭-৮ জনের নামে মামলা করেছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রিসোর্টে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...