যাত্রাবাড়ীতে তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর হাতে খুন তরুণ রিফাত
রাজধানীর যাত্রাবাড়ীতে প্রতিবেশীর নির্মম মারধরে রিফাত মৃধা (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রায়েরবাগের খানবাড়ি মোড়ে নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটুয়াখালীর দশমিনা উপজেলার চানপুরা গ্রামের হাসেম মৃধার ছেলে রিফাত পরিবারের সঙ্গে ওই এলাকায় ভাড়া থাকতেন এবং জীবিকা হিসেবে একটি কার্টন কারখানায় কাজ করতেন। নিহতের বাবা জানান, সন্ধ্যায় রিফাত বাসার সামনে বসে ছিলেন। এ সময় প্রতিবেশী শাকিল এসে তাকে জিজ্ঞেস করে, এখানে বসে গাঁজা খাচ্ছ কি না। এর উত্তরে রিফাত বলেন, তিনি গাঁজা খান না, বরং শাকিল ও তার লোকজনই গাঁজা সেবন করে। এই জবাবে ক্ষিপ্ত হয়ে শাকিল তাকে গালিগালাজ করে ও মারধর শুরু করে। প্রথমে বিষয়টি মীমাংসা হলেও কিছুক্ষণ পর শাকিল ফিরে এসে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারলে রিফাত ঘটনাস্থলেই জ্ঞান হারান।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিলেও শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসেম মৃধা অভিযোগ করেন, ঘটনার পর আসামি শাকিল তার মায়ের সাথে বাসা তালা দিয়ে পলাতক রয়েছেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

