দেশের ১০ জেলায় আকস্মিক বন্যার আভাস, কিছু নদী বিপদসীমা ছুঁইছুঁই

প্রাইম বার্তা অনলাইন
২১ জুলাই ২০২৬ ১২:৪৫ এএম
দেশের ১০ জেলায় আকস্মিক বন্যার আভাস, কিছু নদী বিপদসীমা ছুঁইছুঁই

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন নদী অববাহিকায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। সোমবার (২০ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র ও যমুনা নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে। এর ফলে এসব এলাকার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধির কারণে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে আকস্মিক বা স্বল্পমেয়াদি বন্যার সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট ও সুনামগঞ্জে সুরমা-কুশিয়ারা নদীর অবস্থার উন্নতি না হলে সেখানেও বন্যা স্থিতিশীল থাকতে পারে। শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় ভুগাই, কংস ও সোমেশ্বরী নদীসমূহের পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

পশ্চিমাঞ্চলের নওগাঁ ও নাটোরে আত্রাই ও ছোট যমুনা নদী সতর্কসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে, যা ওই এলাকাগুলোর নদী তীরবর্তী নিম্নাঞ্চলকে সাময়িকভাবে প্লাবিত করতে পারে। সব মিলিয়ে আগামী দুই দিনে দেশের নদীসংলগ্ন এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...