সাংবাদিক সাইদুর রহমান দিল্লি হাইকমিশনে প্রেস মিনিস্টার নিযুক্ত
দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতা নিয়ে এবার কূটনৈতিক পদে অধিষ্ঠিত হচ্ছেন দৈনিক ইত্তেফাকের সাংবাদিক মো. সাইদুর রহমান। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার (মিনিস্টার প্রেস) হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
গত সোমবার (২০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, এক বছরের চুক্তিভিত্তিক এই পদে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। তবে এই নিয়োগ গ্রহণের অন্যতম শর্ত হলো তাকে অন্য যেকোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে।
সাতক্ষীরার কলারোয়ার এই সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০০৩-০৪ ব্যাচের শিক্ষার্থী। ছাত্রজীবন থেকেই সাংবাদিকতায় জড়িত থাকা সাইদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক।
এর আগে তিনি রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) ২০২৩-২৪ মেয়াদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দৈনিক ইত্তেফাকের ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ইউনিট চিফ হিসেবে কর্মরত রয়েছেন। এই নিয়োগের ফলে তিনি দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতা কূটনৈতিক তৎপরতায় কাজে লাগানোর সুযোগ পাচ্ছেন।

