জাতীয় তাফসির প্রতিযোগিতার আয়োজন ইসলামিক ফাউন্ডেশনের, পুরস্কার ১৬ লাখ
পবিত্র কোরআনের ব্যাখ্যা বা তাফসির নিয়ে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারীদের জন্য মোট ১৬ লাখ ২০ হাজার টাকার পুরস্কার রাখা হয়েছে। সোমবার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম এ তথ্য জানিয়েছেন।
আল-কোরআনের সহিহ ব্যাখ্যা প্রচার, গবেষণা বৃদ্ধি এবং দক্ষ আলেম তৈরির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত হচ্ছে। বিভাগীয় পর্যায়ের বিজয়ীরা অংশ নেবেন জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায়।
দুটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৩০ বছরের কম বয়সী ফাজিল ও দাওরায়ে হাদিসের শিক্ষার্থীদের জন্য ‘ক’ গ্রুপে সূরা ফাতিহা, বাকারাহ ও আলাক নির্ধারণ করা হয়েছে। অপরদিকে ৪০ বছরের কম বয়সী কামিল ও স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষক, খতিব ও গবেষকদের জন্য ‘খ’ গ্রুপে সূরা আন-নূর, ইয়াসীন, হুজরাত, আর রাহমান ও ওয়াকিয়াহ তাফসিরের বিষয় হিসেবে থাকছে।
পুরস্কারের বিষয়টি উল্লেখ করে তিনি জানান, জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন প্রতিটি বিজয়ী পাবেন ২ লাখ টাকা, প্রথম রানার্সআপ ১ লাখ ৫০ হাজার এবং দ্বিতীয় রানার্সআপ ১ লাখ টাকা। বিভাগীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া প্রতিযোগীরা পাবেন যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা। সব মিলিয়ে মোট পুরস্কারের অঙ্ক ১৬ লাখ ২০ হাজার টাকা।

