সাবেক মন্ত্রী-এমপিদের ৪৯ এজেন্সির লাইসেন্স বাতিল, অভিযোগ অর্থপাচার
মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে সিন্ডিকেট গঠন ও কোটি কোটি টাকা আত্মসাৎের অভিযোগে সাবেক মন্ত্রী, এমপি ও প্রভাবশালীদের মালিকানাধীন ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রোববার (১৯ জুলাই) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে মানবপাচার মামলায় চার্জশিটভুক্ত হওয়ার কারণে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
লাইসেন্স হারানো প্রতিষ্ঠানগুলোর তালিকায় রয়েছে সাবেক অর্থমন্ত্রী আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামালের স্ত্রী ও কন্যার মালিকানাধীন এজেন্সি। এছাড়া সাবেক এমপি বেনজীর আহমেদ, সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, অবসরপ্রাপ্ত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নূর আলী, রুহুল আমিন স্বপন এবং মাহবুবুর রহমান সঞ্জুর মালিকানাধীন এজেন্সিগুলোও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। এই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মালয়েশিয়ার শ্রমবাজারে একাধিক অনিয়মের পাশাপাশি বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ রয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এই এজেন্সিগুলোর বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে, যা গৃহীতও হয়েছে। ফলে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ অনুযায়ী জনস্বার্থে তাদের লাইসেন্স প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাশিদা আক্তার স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে আইনের ১৩ ধারার ক্ষমতাবলে এই পদক্ষেপ গ্রহণ করা হয়।

