দেশে দ্রুত নগরায়ন, ২০৩০ সালে ১ কোটি ৫ লাখ আবাসনের প্রয়োজন

প্রাইম বার্তা অনলাইন
২০ জুলাই ২০২৬ ১০:৫৫ পিএম
দেশে দ্রুত নগরায়ন, ২০৩০ সালে ১ কোটি ৫ লাখ আবাসনের প্রয়োজন

অতিরিক্ত নগরায়নের ফলে বাংলাদেশের শহরগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার উদ্বেগজনকভাবে বেড়েছে। গত দুই দশকে দেশের নগর জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে, যার প্রভাব সরাসরি পড়ছে আবাসন খাতে। আন্তর্জাতিক অর্থ কর্পোরেশনের (আইএফসি) পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০৩০ সালের মধ্যে দেশে আবাসনের চাহিদা দাঁড়াবে এক কোটি ৫ লাখ ইউনিটে। এমনকি ২০৩৭ সালের মধ্যে দেশের অধিকাংশ মানুষ শহরে বসবাস করবেন বলেও ধারণা করা হচ্ছে।

গত সোমবার (২০ জুলাই) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) আয়োজনে এক অংশীজন পরামর্শ কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। জাতিসংঘের বিভিন্ন সংস্থা, সরকারি-বেসরকারি প্রতিনিধি এবং বিশেষজ্ঞদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই কর্মশালায় আবাসন সমস্যা সমাধানে টেকসই ও পরিবেশ-বান্ধব ভবন নির্মাণের ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় জানানো হয়, টেকসই ভবন নির্মাণে জাতীয় পর্যায়ে একটি লেবেলিং ব্যবস্থা চালুর লক্ষ্যে ‘এইচবিআরআই-ডেশ’ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। জার্মান সরকারের আর্থিক সহযোগিতায় এই প্রকল্পের মাধ্যমে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ডেশবোর্ড’ তৈরি করা হবে, যা সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল ভবন নির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে। এতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসাম্মৎ ফেরদৌসী বেগম, প্রধান স্থপতি আসিফুর রহমান ভূঁইয়া এবং এইচবিআরআইয়ের মহাপরিচালক ড. গিয়াসউদ্দিন হায়দারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...