চট্টগ্রামে হাসপাতালগুলোর পার্কিং ব্যবস্থা নিশ্চিতে সিডিএ’র কঠোর হুঁশিয়ারি
রাজধানী চট্টগ্রামের যানজট প্রশমনে বড় বাধার নাম বেসরকারি হাসপাতালগুলোর অব্যবস্থাপনা। এই সমস্যা সমাধানে এবার কঠোর অবস্থানে গেল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সোমবার (২০ জুলাই) নগরের বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল পরিদর্শন শেষে সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অনুমোদিত নকশা মোতাবেক নিজস্ব পার্কিং ব্যবস্থা নিশ্চিত না করলে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সকাল থেকেই সিডিএর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নগরের মেট্রোপলিটন, রয়েল, মেডিক্যাল সেন্টার ও সিএসসিআর হাসপাতালসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ঘুরে দেখেন। এসময় সিডিএর প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সেলিম, এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান, অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ এবং অথরাইজড অফিসার-২ মো. তানজীব হোসেন উপস্থিত ছিলেন। পরিদর্শনে দেখা যায়, অধিকাংশ হাসপাতাল কর্তৃপক্ষই ইমারত নির্মাণ বিধি মানছে না। ফলে রোগীদের স্বজনদের গাড়ি সড়কের ওপর পার্কিং করতে হয়, যা নগরের ট্রাফিক পরিস্থিতির অবনতি ঘটায়। সিডিএ চেয়ারম্যান জানান, মেট্রোপলিটন হাসপাতালের পার্কিং ব্যবস্থা কিছুটা ভালো হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। অন্যদিকে রয়েল, সিএসসিআর ও মেডিক্যাল সেন্টারের ব্যবস্থাপনা একেবারেই হতাশাজনক।
হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করে বেলায়েত হোসেন বলেন, অস্থায়ী বা আংশিক পার্কিং কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। হাসপাতালের ধারণক্ষমতা অনুযায়ী স্থায়ী পার্কিং ব্যবস্থা তৈরি করতে হবে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। নগরবাসীর যাতায়াত দুর্ভোগ লাঘবে সিডিএ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ওয়াসা এবং সিএমপি যৌথভাবে কাজ করছে বলেও তিনি জানান।

