বিমানবাহিনী প্রধান উদ্বোধন করলেন সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজের নতুন ভবন

প্রাইম বার্তা অনলাইন
২০ জুলাই ২০২৬ ৯:৫৯ পিএম
বিমানবাহিনী প্রধান উদ্বোধন করলেন সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজের নতুন ভবন

ঢাকা সেনানিবাসে অবস্থিত বিমানবাহিনী ঘাঁটি বাশারে সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজের নতুন ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। গত সোমবার (২০ জুলাই) এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিমানবাহিনী প্রধান ভবনের স্মারক ফলক উন্মোচন, বৃক্ষরোপণ এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। পরে তিনি ভবনটির বিভিন্ন দাপ্তরিক ও অপারেশনাল কার্যক্রম ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, চলতি বছরের ১৮ জানুয়ারি এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এবং তখন থেকেই এটি আকাশ ও মহাকাশ শক্তি, জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতিমালা নিয়ে গবেষণা কাজ চালিয়ে আসছে।

নতুন ভবনটি ব্যবহারের ফলে এই প্রতিষ্ঠানের গবেষণা, শিক্ষা এবং নীতিনির্ধারণী কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিমানবাহিনী প্রধান। এই প্রতিষ্ঠানটি সম্প্রতি সোসাইটিজ রেজিস্ট্রেশন আইনের অধীনে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসে নিবন্ধিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানবাহিনীর বিভিন্ন ঘাঁটির অধিনায়ক এবং গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...