পাহাড়তলীর বহুল আলোচিত রিফাত হত্যা মামলার আসামি ফরহান গ্রেফতার
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার বহুল আলোচিত রিফাত হত্যা মামলার অন্যতম আসামি শাহপরান ওরফে ফরহানকে গ্রেফতার করেছে র্যাব-৭। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ জুলাই রাত সাড়ে ১১টার দিকে হালিশহর থানার পোর্ট কানেক্টিং রোডস্থ দোহা ইন্টারন্যাশনাল স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, গত ২৩ জুন সকালে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে নিহত হন ইলেকট্রিক মিস্ত্রি মো. রিফাত (২৮)। তাকে বাসা থেকে ডেকে নিয়ে পাহাড়তলীর দক্ষিণ কাট্টলীর আব্দুল সুফী চৌধুরী গ্যারেজসংলগ্ন তিন রাস্তার মোড়ে সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় তাকে বর্বরোচিত মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে বাম পায়ের হাঁটুর ওপরে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পাহাড়তলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
র্যাব সূত্রে জানা গেছে, মামলার তদন্তকালীন নজরদারির একপর্যায়ে ফরহানের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেফতারকৃত ফরহানের বাড়ি ময়মনসিংহ জেলার নিকলী থানার দামপাড়া এলাকায়। রোববার (১৯ জুলাই) র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

