তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য: মন্ত্রী
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জে ডি এম জাহিদ হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল লক্ষ্য হলো দেশের তরুণ প্রজন্মকে শুধুমাত্র পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলার মাধ্যমে সুসংগঠিত করা। তিনি বলেন, খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে তাদের চরিত্র গঠন ও শারীরিক বিকাশ ঘটবে, যা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রোববার (১৯ জুলাই) রাজধানীর মিরপুরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ কারাতে ফেডারেশন আয়োজিত ১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ ও দ্বিতীয় অনূর্ধ্ব-১৪ কারাতে কাপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গত ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশসহ মোট ছয়টি দেশের প্রায় নয় শতাধিক কারাতেকা অংশগ্রহণ করেছেন।
মন্ত্রী আরও উল্লেখ করেন, কারাতে কেবল একটি খেলা নয়, এটি দেশসমূহের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ও বন্ধুত্ব জোরদার করতেও সহায়ক ভূমিকা পালন করে। এই খেলার মাধ্যমে দেশের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী বন্ধুত্বের বার্তা ছড়িয়ে পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম, সাউথ এশিয়ান কারাতে ফেডারেশনের সভাপতি ভারত শর্মা এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলমসহ অন্যান্য উপস্থিত ছিলেন।

