চারুকলার নীরবতা আর টিএসসির উল্লাসে বিশ্বকাপ ফাইনালের রাত ঢাবিতে

প্রাইম বার্তা অনলাইন
২০ জুলাই ২০২৬ ১০:৫০ এএম
চারুকলার নীরবতা আর টিএসসির উল্লাসে বিশ্বকাপ ফাইনালের রাত ঢাবিতে

রাত ন’টা বাজলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা এলাকায় নেমে এসেছে গভীর নীরবতা। ফাঁকা রাস্তাঘাটে ভেসে আসছে শুধু দু’একটি কুকুরের ডাক বা মাঝে মধ্যে ছুটে যাওয়া অ্যাম্বুলেন্সের সাইরেন। এই সুনসান পরিবেশ দেখলে যেন দুই বছর আগের জুলাই মাসের আন্দোলনের দিনগুলোর কথা মনে পড়ে যায়। তবে এই নীরবতার বাইরে টিএসসি এলাকার দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে। সেখানে বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে তরুণ-তরুণীদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার হাই-ভোল্টেজ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে টিএসসিতে জমেছে উৎসবের আমেজ। ভুভুজেলার বিকট শব্দ আর খাবারের দোকানগুলোতে বাড়তি প্রস্তুতি জানান দিচ্ছে আজকের রাত স্বাভাবিক কোনো রাত নয়। রাজু ভাস্কর্যের পাদদেশে জার্সি ও পতাকা হাতে ভিড় করছেন শত শত উৎসাহী দর্শক। ক্যাম্পাসের একপাশে নিরাপত্তার কড়াকড়ি থাকলেও অন্যপাশে চলছে ফুটবল উৎসব।

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাত ৮টা থেকেই বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। শাহবাগ, নীলক্ষেত, পলাশী, বকশিবাজার ও চানখারপুলসহ সব গেটে ব্যারিকেড স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সদস্যরা আইডি কার্ড দেখে শুধুমাত্র সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রবেশের অনুমতি দিচ্ছেন। বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। বিভিন্ন হলে বিশেষ খাবারের আয়োজন ও বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে সারারাত খেলা উপভোগ করতে পারেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...