স্পেনের জয়ে ঢাবি ক্যাম্পাসে আর্জেন্টিনা ভক্তদের বুকভাঙা হতাশা

প্রাইম বার্তা অনলাইন
২০ জুলাই ২০২৬ ৭:০৮ এএম
স্পেনের জয়ে ঢাবি ক্যাম্পাসে আর্জেন্টিনা ভক্তদের বুকভাঙা হতাশা

রোববার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিশ্বকাপ ফাইনাল নিয়ে যে উৎসবমুখর পরিবেশ ছিল, অতিরিক্ত সময়ে স্পেনের গোলে তা এক মুহূর্তেই থমকে যায়। শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হওয়ায় টিএসসি ও এর আশপাশের এলাকা থেকে নীরবে বেরিয়ে যেতে দেখা যায় আর্জেন্টিনার হাজারো সমর্থককে। বিপরীতপক্ষে, স্পেনের জয় নিশ্চিত হওয়ার পর তাদের সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন।

খেলা শেষে টিএসসি, রাজু ভাস্কর্য ও স্বোপার্জিত স্বাধীনতা চত্বর এলাকা থেকে হতাশা নিয়েই ফিরতে দেখা যায় আর্জেন্টিনা প্রেমীদের। অনেকের চোখেমুখে হতাশার ছাপ স্পষ্ট ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম জানান, অতিরিক্ত সময়ে গোল খেয়ে খুব খারাপ লাগছে। এত দূর এসে শিরোপা হাতছাড়া হওয়াটা কষ্টের। মোহাম্মদপুর থেকে বন্ধুদের নিয়ে আসা সিয়াম আহমেদ বলেন, হারের কারণে মন খারাপ লাগলেও হাজারো মানুষের সঙ্গে বড় পর্দায় খেলা দেখার অভিজ্ঞতা অবিস্মরণীয়। শিক্ষার্থী রাফি হোসেন মন্তব্য করেন, ফুটবলে জয়-পরাজয় থাকবেই। আজ আর্জেন্টিনা হেরেছে, তাই কষ্ট লাগছে। তারপরও দলের প্রতি সমর্থন আগের মতোই থাকবে।

অন্যদিকে, স্পেনের সমর্থকরা বন্ধুদের সঙ্গে জয় উদযাপন করতে থাকেন। স্পেন সমর্থক তানভীর রহমান জানান, শেষ পর্যন্ত স্পেন জিতেছে, এটা আমাদের জন্য দারুণ আনন্দের। অতিরিক্ত সময়ে গোলের পর পুরো পরিবেশ বদলে যায়। ম্যাচ শেষে অনেকেই মুহূর্তটি স্মরণীয় করে রাখতে মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন এবং আলোচনা করতে করতে ক্যাম্পাস ত্যাগ করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...