সার ডিলারশিপ বহাল রাখা ও কমিশন দ্বিগুণের দাবি বিএফএর
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করেছে। রোববার (১৯ জুলাই) রাজধানীর বিজয়নগরে আল রাজি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোশাররফ হোসেনসহ ৩৩ জন পরিচালক শপথ নেন। এ সময় তিনি বর্তমান ডিলারশিপ ব্যবস্থা অব্যাহত রাখা এবং কমিশন দ্বিগুণ করার দাবি জানান।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হাসিব সরকার নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমান ও নির্বাচন বোর্ডের সদস্য শেখ শামসুল আরেফীন উপস্থিত ছিলেন। শপথ শেষে মন্ত্রণালয়ের কর্মকর্তারা নতুন চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দেন।
চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে ডিলার কমিশন ১০০ টাকায় স্থির রয়েছে, যা ২০০ টাকায় উন্নীত করা জরুরি। একইসাথে ২০২৫ সালের ডিলার নীতিমালা সংশোধন এবং বর্তমান ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগের উদ্যোগ বন্ধের দাবি জানান তিনি। তার মতে, গত ১৬ বছরে সার বিতরণে কোনো বড় ধরনের অনিয়ম না থাকা সত্ত্বেও বিসিআইসির মাধ্যমে নতুন ডিলার অন্তর্ভুক্তির উদ্যোগ যৌক্তিক নয়।
প্রায় চার দশক ধরে সার ব্যবসার সাথে সম্পৃক্ত মোশাররফ হোসেন জানান, প্রতিটি ইউনিয়নে একজন প্রধান ডিলার এবং ওয়ার্ড পর্যায়ে খুচরা ডিলার থাকায় বর্তমানে সরবরাহ ব্যবস্থায় কোনো সংকট নেই। তিনি কৃষকের কাছে সময়মত সার পৌঁছে দেওয়া এবং সার আমদানি ও বিতরণ ব্যবস্থা আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেন। মাঠ পর্যায়ের সমস্যাগুলো দ্রুত সমাধানে বোর্ডের সদস্যদের নিয়ে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

