পাসপোর্টে ফিরলো ‘ইসরায়েল ব্যতীত’, জলছাপে জুলাই গণঅভ্যুত্থান
বাংলাদেশি পাসপোর্টের নকশায় যুগান্তকারী পরিবর্তন এনেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৯ জুলাই) জারি করা এক সরকারি আদেশের মাধ্যমে পাসপোর্টের মূল পাতায় আবারও ‘এই পাসপোর্ট সকল দেশে ব্যবহারের জন্য বৈধ ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ই-পাসপোর্টের জলছাপে (Watermark) জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত ছবি ও দেশের ঐতিহ্যের প্রতীকগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের বহিরগমন-৪ শাখার উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সংক্রান্ত তথ্য নিশ্চিত করা হয়।
আওয়ামী লীগ সরকারের আমলে ছয় বছর পূর্বে পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দটি সরিয়ে দেওয়া হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পাসপোর্টের এই নকশা পরিবর্তনের উদ্যোগ নেয় এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় নতুন ছবি যুক্ত করার প্রক্রিয়া সম্পন্ন হয়। এতে বলা হয়, ই-পাসপোর্ট বুকলেটের বিদ্যমান ছবির পুনর্বিন্যাস ও সংশোধন করে জলছাপগুলো নতুনভাবে সাজানো হয়েছে। ফলে এখন থেকে যেসব পাসপোর্ট তৈরি করা হবে, তাতে ‘ইসরায়েল ব্যতীত’ লেখাটি স্পষ্টভাবে ফুটে উঠবে।
নতুন নকশায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন হলো ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’। এর অধীনে গণঅভ্যুত্থানে শহীদ তিন গুণীর ছবি জলছাপে স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ, যিনি দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে ছিলেন; আজমপুরে পানি হাতে দাঁড়ানো শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং জাতীয় পতাকার জার্সি পরা চট্টগ্রামের ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের ছবি। এছাড়াও ধর্মীয় ও সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক হিসেবে জাতীয় ফুল শাপলা, রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় পাখি দোয়েল, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, দিনাজপুরের কান্তজিউ মন্দির, শিখা অনির্বাণ, লালবাগ দুর্গ, টাঙ্গুয়ার হাওর এবং কক্সবাজারের সমুদ্রসৈকতের (নৌকা ব্যতীত) ছবি জলছাপে যুক্ত করা হয়েছে।

