সিলেটে শুরু হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘টাইগার লাইটনিং-২০২৬’

প্রাইম বার্তা অনলাইন
১৯ জুলাই ২০২৬ ৮:৫১ পিএম
সিলেটে শুরু হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘টাইগার লাইটনিং-২০২৬’

সামরিক বাহিনীর সক্ষমতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হয়েছে যৌথ প্রশিক্ষণ মহড়া ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং-২০২৬’। রোববার (১৯ জুলাই) সিলেটের জালালাবাদ সেনানিবাসে প্যারা কমান্ডো ব্রিগেডের তত্ত্বাবধানে এই মহড়ার আনুষ্ঠানিক সূচনা হয়। আগামী ৩১ জুলাই পর্যন্ত মোট ১৩ দিনব্যাপী এই কর্মসূচি চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এসময় সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, এই যৌথ প্রশিক্ষণ দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের পাশাপাশি কৌশলগত অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করবে। তিনি উন্মুক্ত ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রতি দুই দেশের অঙ্গীকারের কথাও উল্লেখ করেন।

সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান বলেন, ‘টাইগার লাইটনিং’ মহড়া দুই দেশের দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে যৌথ অভিযানে সমন্বয় বৃদ্ধিতে সহায়ক হবে। আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তায় দীর্ঘদিনের সহযোগিতার ধারাবাহিকতায় এই মহড়ার আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...