মানিকগঞ্জে ‘একটি শিশু একটি গাছ’ কর্মসূচির সূচনা করলেন পর্যটনমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১৯ জুলাই ২০২৬ ৪:৩৬ পিএম
মানিকগঞ্জে ‘একটি শিশু একটি গাছ’ কর্মসূচির সূচনা করলেন পর্যটনমন্ত্রী

আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে ‘একটি শিশু একটি গাছ’ কর্মসূচির যাত্রা শুরু হয়েছে। রোববার (১৯ জুলাই) মানিকগঞ্জ সদরের নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আফরোজা খানম বলেন, আজকের এই আয়োজন কোনো সাধারণ অনুষ্ঠান নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ সুন্দর দেশ গড়ার অঙ্গীকার। প্রতিটি শিশুর হাতে একটি করে গাছের চারা তুলে দিয়ে আমরা একটি সুন্দর আগামীর সূচনা করতে চাই। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আধুনিক ও পরিবেশবান্ধব রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর। উন্নয়নের ধারণা শুধুমাত্র অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়; বরং প্রকৃতি ও পরিবেশ সুরক্ষা অর্থবহ উন্নয়নের অন্যতম শর্ত।

মন্ত্রী এ সময় ভূমিকা রাখায় মানিকগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...