প্রশাসনে ১৭ বছরের রাজনীতি বন্ধের আহ্বান, হতে হবে জনসেবক

প্রাইম বার্তা অনলাইন
১৯ জুলাই ২০২৬ ৪:১৩ পিএম
প্রশাসনে ১৭ বছরের রাজনীতি বন্ধের আহ্বান, হতে হবে জনসেবক

বিগত দেড় দশকের রাজনৈতিক পক্ষপাত বিদায় দিয়ে প্রশাসনকে এখন জনগণের প্রকৃত সেবক হিসেবে গড়ে তোলার প্রত্যয় দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বর্জন করে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, সিভিল সার্ভিস রাষ্ট্রের মূল চালিকাশক্তি। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা সমাজের সুবিধাপ্রাপ্ত শ্রেণি, তাই নিজেদের শাসক মনে করার পরিবর্তে জনগণের সেবক হিসেবে কাজ করুন। তিনি আরও বলেন, আনুষ্ঠানিকতার জন্য কর্মসূচির কোনো যৌক্তিকতা নেই যদি তা জনগণের বাস্তব কল্যাণে না আসে।

সঠিক নীতি প্রণয়নের স্বার্থে দেশের পরিসংখ্যান ব্যবস্থার সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে আদমশুমারি, কৃষি উৎপাদন ও মাথাপিছু আয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বিকৃত করা হয়েছে। তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এছাড়া অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে কৃষি ও রেমিট্যান্স খাতের ওপর অগ্রাধিকার দেওয়া এবং কারিগরি শিক্ষার সম্প্রসারণের ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...