বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের স্বপ্ন দেখছে সরকার
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, বাংলাদেশের মাটিতে ব্রাজিল ও আর্জেন্টিনার মতো ফুটবল দুই জায়ান্তার ম্যাচ আয়োজনের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বাফুফের সঙ্গে আলোচনা করে এই আয়োজন বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই করা হবে বলেও জানান মন্ত্রী।
২০২৬ সালের বিশ্বকাপের মিডিয়া রাইটস কেনার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, এবার সরকার সরাসরি ফিফার সঙ্গে দরকষাকষি করে ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলারে স্বত্ব কিনেছে। পরে দেশের চারটি প্রতিষ্ঠানের কাছে সাব-লাইসেন্সিংয়ের মাধ্যমে অধিকাংশ অর্থ আদায় করা হয়েছে। ফলে সরকারের প্রকৃত আর্থিক লোকসান মাত্র ৪ থেকে ৫ কোটি টাকা, যা রাজস্ব ভাগাভাগির মাধ্যমে পূরণের চেষ্টা চলছে।
২০২২ সালের বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কেনার প্রক্রিয়ার সঙ্গে তুলনা করে মন্ত্রী বলেন, সে সময় একটি সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি ফিফার কাছ থেকে স্বত্ব কিনে তমা কনস্ট্রাকশনের কাছে বিক্রি করেছিল। পরে ওই প্রতিষ্ঠান বিটিভির কাছে ৯৮ কোটি, স্যাটেলাইট স্বত্ব ২২ কোটি এবং ডিজিটাল স্বত্ব ১৭ কোটি টাকায় বিক্রি করে। প্রায় ১৪০ কোটি টাকার এই লেনদেনে ফিফা পায় মাত্র ৩ দশমিক ২ মিলিয়ন ডলার, বাকি অর্থ মধ্যস্বত্বভোগীদের পকেটে গিয়েছিল।
প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, জনগণের ওপর অর্থনৈতিক বোঝা চাপানো ছাড়াই বিশ্বকাপ উপভোগের সুযোগ করে দিতে চেয়েছেন তিনি। সে কারণেই এবার সরাসরি ফিফার সঙ্গে চুক্তি করা হয়েছে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করে স্বচ্ছভাবেই বিশ্বকাপ সম্প্রচার নিশ্চিত করেছে বর্তমান সরকার।

