ইসিতে বিএনপির হিসাব জমা: আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা

প্রাইম বার্তা অনলাইন
১৯ জুলাই ২০২৬ ২:২০ পিএম
ইসিতে বিএনপির হিসাব জমা: আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা পড়েছে। রোববার (১৯ জুলাই) দুপুরে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল আগরগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে এই নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন হস্তান্তর করেন।

দলের দাখিল করা নথি অনুযায়ী, সর্বশেষ অর্থবছরে বিএনপির মোট আয় হয়েছে ২২ কোটি ২৬ লাখ টাকা। অপরদিকে, একই সময়ে দলীয় ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ১৯ লাখ টাকা। খরচের তুলনায় আয় বেশি হওয়ায় বর্তমানে বিএনপির তহবিলে ৬ কোটি ৭ লাখ টাকার উদ্বৃত্ত রয়েছে।

প্রতিনিধি দলে রিজভীর সাথে ছিলেন দলের কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন। তারা নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেনের কাছে অডিট রিপোর্ট জমা দেন। রাজনৈতিক দলগুলো সাধারণত সদস্য চাঁদা, অনুদান ও মনোনয়ন ফরম বিক্রি থেকে আয় এবং সাংগঠনিক কর্মকাণ্ড ও দলীয় খরচ থেকে ব্যয়ের হিসাব দেখায়।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, প্রতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের মধ্যে হিসাব না দিলে বা পরপর তিন বছর ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিল করার সুযোগ রয়েছে আইনে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...