যাত্রাবাড়ীতে শিশুকে বাথরুমে আটকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার অভিযুক্ত
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে বাথরুমের ভেতর আটকে রেখে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে রুবেল (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
ট্রাফিক-যাত্রাবাড়ী জোনের বরাত দিয়ে পুলিশ জানায়, অভিযুক্ত রুবেল ওই শিশুর পরিবারের পরিচিত এবং একই এলাকার বাসিন্দা। গত বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকার একটি বাড়িতে শিশুটি একা পেয়ে রুবেল তাকে বাথরুমে নিয়ে যায়। সেখানে সে শিশুটিকে জোরপূর্বক আটকে রেখে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
ঘটনার পর থেকেই শিশুটির পরিবার অভিযুক্তকে খুঁজছিল। পরবর্তীতে শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় গোলচত্বর এলাকায় তাকে দেখতে পেয়ে ধাওয়া করে স্বজনরা। এ সময় ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনের ট্রাফিক সার্জেন্ট মো. আবদুল্লাহ-আল-নোমানী ও সার্জেন্ট নুর ইসলাম তাকে আটক করেন। পরে তাকে যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

