বন্দরের টার্মিনাল বিক্রির প্রতিবাদে চট্টগ্রামে বন্দর রক্ষা কমিটির গণঅনশন

প্রাইম বার্তা অনলাইন
১৮ জুলাই ২০২৬ ৯:৫৬ পিএম
বন্দরের টার্মিনাল বিক্রির প্রতিবাদে চট্টগ্রামে বন্দর রক্ষা কমিটির গণঅনশন

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ার বিরোধিতায় চট্টগ্রামে প্রতীকী গণঅনশন করেছে বন্দর রক্ষা কমিটি। শনিবার (১৮ জুলাই) নগরীর জামাল খানে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই গণঅনশন চলে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জনগণের মতামত ও সংসদীয় আলোচনার তোয়াক্কা না করেই সরকার জাতীয় স্বার্থের এই গুরুত্বপূর্ণ সম্পদ বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দিতে উদ্যত হয়েছে। কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। এটি জাতীয় গৌরবের প্রতীক। এর সক্ষমতা বাড়াতে নিজস্ব জনবল ও প্রযুক্তিতে বিনিয়োগ করা উচিত, দীর্ঘমেয়াদে বিদেশি ইজারা দেওয়া কূটকৌশলগত ও অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ।

সিপিবির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি তপন দত্ত বক্তব্য রাখেন। তারা বলেন, রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। সরকার অবিলম্বে এনসিটি ও সিসিটি ইজারা প্রক্রিয়া বন্ধের ঘোষণা না দিলে শ্রমিক সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলনে যাবে। বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সংহতি জানান। পরে আবুল মোমেন শরবত পান করিয়ে গণঅনশন ভঙ্গ করান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...