সাত জেলার বন্যায় ৫৯ জনের মৃত্যু, শুরু হয়েছে ত্রাণ কার্যক্রম

প্রাইম বার্তা অনলাইন
১৮ জুলাই ২০২৬ ৮:৩৫ পিএম
সাত জেলার বন্যায় ৫৯ জনের মৃত্যু, শুরু হয়েছে ত্রাণ কার্যক্রম

দেশের সাতটি জেলাজুড়ে চলমান বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ধসের কবলে পড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, এসব দুর্যোগে এখন পর্যন্ত ৪০ জন আহত হয়েছেন এবং বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই সাত জেলার বিপুল জনগোষ্ঠী বন্যাকবলিত হয়েছে।

জেলাভিত্তিক হতাহতের পরিসংখ্যানে দেখা যায়, কক্সবাজারে সবচেয়ে বেশি ৩২ জন (স্থানীয় ১৯ ও রোহিঙ্গা ১৩) এবং চট্টগ্রামে ১৬ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া বান্দরবানে সাতজন, রাঙামাটিতে তিনজন এবং মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে কক্সবাজারে ২৫ জন ও চট্টগ্রামে ১২ জন রয়েছেন। বন্যার পানিতে বর্তমানে ৫৬টি উপজেলার ৩৭৪টি ইউনিয়ন ও চারটি পৌরসভা প্লাবিত হয়েছে। সরকার ৭৩টি আশ্রয়কেন্দ্র খুলেছে, যেখানে ২৯৮ জন আশ্রয় নিয়েছেন।

ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকার ব্যাপক ত্রাণ তৎপরতা শুরু করেছে। কক্সবাজারে ৪০ লাখ টাকা ও ৪৫০ মেট্রিক টন চাল, চট্টগ্রামে ৭৫ লাখ টাকা ও ১২০০ মেট্রিক টন চাল এবং বান্দরবানে ২০ লাখ টাকা ও ৪০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ঢেউটিন, শুকনো খাবার, শিশু খাদ্য ও গোখাদ্যের পাশাপাশি গৃহ নির্মাণ অনুদান দেওয়া হচ্ছে। খাগড়াছড়ি, রাঙামাটি, মৌলভীবাজার ও হবিগঞ্জে স্থানীয় প্রশাসনের মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...